ভয়-সাহসের সীমানায় ভোটযাত্রা, কড়া নিরাপত্তায় দক্ষিণ দিনাজপুরে প্রথম দফা
বালুরঘাট, ২২ এপ্রিল —– কারও মনে শঙ্কা, কারও চোখে দায়িত্ববোধ—এই দুইয়ের মিশেলেই শুরু হল ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রস্তুতি। বুধবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জুড়ে এক বিশেষ আবহ, ডিসি আর সি থেকে ভোটকর্মীদের ব্যস্ততা যেন স্পষ্ট হয়ে উঠল গণতন্ত্রের উৎসবের আগমনী সুর।
কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে জেলার ছ’টি বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ভোটপর্ব নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলাজুড়ে ছড়িয়ে থাকা ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তা ও নজরদারির কোনও খামতি রাখা হয়নি।
সংখ্যার নিরিখে ছবিটা আরও বিস্তৃত। মোট ৬১৪০ জন ভোটকর্মী নামছেন দায়িত্বে। ৫৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১১ লক্ষ ৫৯ হাজার ৫১৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লক্ষ ৯৮ হাজার ৮৬, আর মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৩৯০—সংখ্যার ভারেই স্পষ্ট, লড়াই জমজমাট হওয়ার ইঙ্গিত।
জেলার ১৩৯৮টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১৩৪৩টি প্রধান বুথ ও ৫৫টি অক্সিলিয়ারি বুথ। পাশাপাশি ৫৭টি মহিলা পোলিং স্টেশন ও ১১টি মডেল বুথ ভোটপর্বে নতুন মাত্রা যোগ করছে। তবে এই সাজানো ছবির আড়ালে রয়েছে সতর্কতার কঠোর বাস্তব। ২৩১টি বুথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ৪২০টি স্পর্শকাতর এবং ৫৭৯টি অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত—যেখানে বাড়তি নজরদারি ও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সব মিলিয়ে, ভয় আর সাহসের সূক্ষ্ম ভারসাম্যে দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুর। গণতন্ত্রের এই মহাযজ্ঞে শেষ পর্যন্ত শান্তি বজায় থাকে কি না, এখন সেদিকেই তাকিয়ে জেলার মানুষ।






















